মহাভারতের রূপকে বিজেপি ‘বধ’-এর ডাক, গড়বেতায় জয়ের লক্ষ্যে মরিয়া তৃণমূল

মহাভারতের রূপকে বিজেপি ‘বধ’-এর ডাক, গড়বেতায় জয়ের লক্ষ্যে মরিয়া তৃণমূল

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মহাভারতের বকরাক্ষস বধের কাহিনিকে হাতিয়ার করে ভোটপ্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী, ভীম এই জনপদেই বকাসুরকে বধ করেছিলেন। বর্তমানে শাসক দল কেন্দ্রের বঞ্চনা ও বিজেপির ‘বিভাজনের রাজনীতি’কে সেই পৌরাণিক দানবের সঙ্গে তুলনা করে পদ্ম শিবিরকে রাজনৈতিকভাবে পরাস্ত করার ডাক দিয়েছে। বিধায়ক উত্তরা সিং হাজরা এবারও জয়ের ব্যবধান বাড়াতে আত্মবিশ্বাসী।

উন্নয়ন ও শান্তিকে মূলধন করেই মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে ঘাসফুল শিবির। স্থানীয় বাসিন্দাদের মতে, গত কয়েক বছরে রাস্তাঘাট, আলো ও পর্যটন শিল্পের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে পর্যটন কেন্দ্র গনগনিকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। সিপিএম আমলের অশান্তির স্মৃতি সরিয়ে মানুষ এখন স্থিতিশীলতার পক্ষে সওয়াল করছেন বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর প্রদীপ লোধাকে প্রার্থী করে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, দীর্ঘ ছয় দশক পর তারা গড়বেতার ভূমিপুত্রকে প্রার্থী করেছে, যা শাসক দলের বহিরাগত তকমাকে ধুয়ে দেবে। বিজেপির মতে, তৃণমূলের অন্তর্কলহ ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবার পরিবর্তন আনবে। দুই শিবিরের এই লড়াইয়ে গড়বেতার গণদেবতা শেষ পর্যন্ত কার দিকে পাল্লা ভারী করেন, তা নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *