এবার ডিগ্রিও দেবে এনসিইআরটি: শিক্ষামন্ত্রকের যুগান্তকারী সিদ্ধান্তে খুশির হাওয়া

এবার ডিগ্রিও দেবে এনসিইআরটি: শিক্ষামন্ত্রকের যুগান্তকারী সিদ্ধান্তে খুশির হাওয়া

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রস্তুতি পরিষদ (এনসিইআরটি) এখন থেকে কেবল পাঠ্যসূচি তৈরি বা বই ছাপানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ‘ডিমড টু বি ইউনিভার্সিটি’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। ফলে এখন থেকে নিজস্ব পাঠ্যক্রমের ভিত্তিতে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রদানের আইনি অধিকার পেল এনসিইআরটি।

দীর্ঘদিন ধরেই এই অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষামন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল সংস্থাটি। ইউজিসির সুপারিশ খতিয়ে দেখার পর অবশেষে চূড়ান্ত অনুমতি মিলেছে। এই সিদ্ধান্তের আওতায় দিল্লির মূল কেন্দ্রের পাশাপাশি আজমির, ভোপাল, ভুবনেশ্বর, মাইসুরু ও শিলংয়ের আঞ্চলিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ভোপালের ভোকেশনাল ইনস্টিটিউটটিও উচ্চশিক্ষার পূর্ণ মর্যাদা লাভ করল।

বিশেষ বিষয় নিয়ে গবেষণার সুযোগ থাকায় এনসিইআরটিকে ‘ডি নোভো’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ বিশ্ববিদ্যালয়ে সচরাচর চর্চা হয় না এমন বিশেষায়িত শিক্ষা ও গবেষণার প্রসারে এই তকমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই পদক্ষেপের ফলে দেশের শিক্ষা কাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *