মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলেও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে অনড় ট্রাম্প

মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলেও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে অনড় ট্রাম্প

আমেরিকার দুটি অত্যাধুনিক ফাইটার জেট ধ্বংস করেছে ইরান। তেহরানের এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যুদ্ধবিমান ধ্বংসের এই ঘটনায় তেহরানের সঙ্গে পূর্বনির্ধারিত আলোচনায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতি একটি যুদ্ধের সমতুল্য এবং যুদ্ধের ময়দানে এ ধরনের ক্ষয়ক্ষতি অস্বাভাবিক নয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একদিকে যেমন সামরিক সংঘাত বা উত্তজনা বজায় থাকবে, ঠিক তেমনি সমান্তরালভাবে আলোচনার প্রক্রিয়াও সচল রাখা হবে। প্রেসিডেন্টের এই মন্তব্য ওয়াশিংটনের কৌশলগত অবস্থানে এক নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির পর এই প্রথম আমেরিকার কোনো যুদ্ধবিমান ধ্বংসের খবর সামনে এল। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে দুটি বিমান ভেঙে পড়ার কথা স্বীকার করে নিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে স্বস্তির খবর দেওয়া হয়েছে যে, ধ্বংসপ্রাপ্ত বিমানের পাইলটদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

মার্কিন প্রশাসনের এই অবস্থান তেহরানের ওপর যেমন মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে, তেমনি বিশ্বজুড়ে জ্বালানি তেল ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইরান যদিও এই সাফল্যের দাবি করেছে, তবে ওয়াশিংটন বিষয়টিকে যুদ্ধের একটি অংশ হিসেবেই দেখছে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, সামরিক ক্ষয়ক্ষতির দোহাই দিয়ে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করতে চায় না আমেরিকা।

মধ্যপ্রাচ্যের এই সংকটজনক পরিস্থিতিতে ট্রাম্পের নমনীয় ও কঠোর নীতির মিশ্রণ আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদিকে সামরিক শক্তি প্রদর্শন এবং অন্যদিকে সংলাপের টেবিলে বসার এই দ্বিমুখী কৌশল আগামী দিনে এই অঞ্চলের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। বর্তমানে গোটা বিশ্বের নজর এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং তেহরানের প্রতিক্রিয়ার ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *