মুরারইয়ে তৃণমূলের প্রার্থী অসন্তোষ তুঙ্গে: বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন শতাব্দী রায়

মুরারইয়ে তৃণমূলের প্রার্থী অসন্তোষ তুঙ্গে: বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন শতাব্দী রায়

বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে চরম দলীয় কোন্দল প্রকাশ্যে এল। বিদায়ী বিধায়ক চিকিৎসক মোশারফ হোসেনকে পুনরায় প্রার্থী করায় দলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় নেতৃত্বের বড় অংশ চেয়েছিলেন প্রাক্তন বিধায়ক আব্দুর রহমানের পুত্র সঞ্জিবুর রহমানকে প্রার্থী করা হোক। এই ক্ষোভ প্রশমনে শুক্রবার দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠকে বসেন সাংসদ শতাব্দী রায়।

বৈঠক চলাকালীন ব্লক সভাপতি বিনয় ঘোষের সঙ্গে জনৈক নেতার উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। উত্তজনা এতটাই বৃদ্ধি পায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, বেশ কয়েকজন সদস্যকে দল থেকে বহিষ্কারের দাবি উঠলে বচসা চরম আকার ধারণ করে। বিশৃঙ্খলা দেখে ক্ষুব্ধ সাংসদ শতাব্দী রায় সভা শেষ না করেই মাঝপথে দলীয় কার্যালয় ত্যাগ করেন।

প্রার্থী ঘোষণার পর থেকেই মুরারইয়ের তৃণমূল কর্মীদের একটি অংশ নির্বাচনী প্রচার থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। মূলত সঞ্জিবুর রহমান এবং পাথর ব্যবসায়ী আলি খানের অনুগামীদের মধ্যে এই অভিমান স্পষ্ট। শতাব্দীর উপস্থিতিতে এই প্রকাশ্য কলহ তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে ফের প্রকাশ্যে নিয়ে এল। বর্তমানে এলাকার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট থমথমে এবং বিবাদ মেটানোই এখন নেতৃত্বের বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *