ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় গাইঘাটায় বিএলও-কে ঘিরে তুমুল বিক্ষোভ

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় গাইঘাটায় বিএলও-কে ঘিরে তুমুল বিক্ষোভ

উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এসআইআর-এর নামে বহু মানুষের নাম কাটা যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ৯৭/৩৮ পার্টের বুথ লেভেল অফিসার (বিএলও) নমিতা দাস প্রামাণিককে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্থা ও কটু কথা বলার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আতঙ্কিত বিএলও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানান। এরপর গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। ঘটনার পর থেকে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই মহিলা আধিকারিক। মালদার ঘটনার পর ফের গাইঘাটায় সরকারি কর্মীকে নিগ্রহের এই ঘটনায় এলাকায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ায় জনরোষ তৈরি হয়েছে, যা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে অনিশ্চয়তা তৈরি করছে। যদিও ক্ষতিগ্রস্তদের ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরায় আবেদন করতে বলা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *