সুজাপুরে ভোটার তালিকায় মহাবিপর্যয় এক ধাক্কায় বাদ ১ লক্ষ নাম

সুজাপুরে ভোটার তালিকায় মহাবিপর্যয় এক ধাক্কায় বাদ ১ লক্ষ নাম

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সুজাপুরে। নির্বাচন কমিশনের প্রকাশিত সাম্প্রতিক তালিকায় দেখা যাচ্ছে, এই বিধানসভা কেন্দ্রের মোট আড়াই লক্ষ ভোটারের মধ্যে ১ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে। বিপুল সংখ্যক ভোটারের নাম বাতিলের এই ঘটনায় প্রশাসনিক মহলে যেমন শোরগোল পড়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ও অনিশ্চয়তা।

সবচেয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কালিয়াচক ১ নম্বর ব্লকের সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহল্লাদার পাড়ায়। ৩ নম্বর বুথের বর্তমান পঞ্চায়েত সদস্য মেহেবুল মহল্লাদারের পরিবারের সদস্য সংখ্যা ১২ জন। অবাক করার মতো বিষয় হলো, পঞ্চায়েত সদস্য স্বয়ং এবং তাঁর পরিবারের আরও ১১ জন সদস্যের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও নিজের এবং পরিবারের ভোটাধিকার হারানোয় স্তম্ভিত মেহেবুল সাহেব।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নাগরিকত্বের সমস্ত বৈধ নথিপত্র এবং পরিচয়পত্র সঠিক সময়ে জমা দেওয়া সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে তাঁদের নাম বাতিল করা হয়েছে। পরিবারের দাবি, কোনো আগাম সতর্কতা বা নোটিশ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে এই বিপুল সংখ্যক নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই গণ-বাতিলের ঘটনায় সুজাপুরের রাজনৈতিক ও সামাজিক মহলে প্রতিবাদের ঝড় উঠেছে।

প্রশাসনের পক্ষ থেকে বিপুল সংখ্যক নাম বাতিলের কারণ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও, হাতে সময় কম থাকায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ব্রাত্য ভোটাররা। নির্বাচনের প্রাক্কালে ভোটাধিকার ফিরে পেতে নতুন করে আবেদন এবং নথিপত্র পেশের তোড়জোড় শুরু করেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। সুজাপুরের এই পরিস্থিতি এখন গোটা জেলার অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *