বাংলাকে বৃদ্ধাশ্রম হতে দেব না, বিজেপি-তে যোগ দিয়েই লক্ষ্য স্থির করলেন লিয়েন্ডার পেজ

রাজনীতির আঙিনায় নতুন ইনিংস শুরু করলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি-তে যোগ দিয়েছেন তিনি। কলকাতায় ফিরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে লিয়েন্ডার নিজের রাজনৈতিক দিশা স্পষ্ট করে জানান, তাঁর প্রধান লক্ষ্য বাংলার যুবসমাজকে শক্তিশালী করা এবং রাজ্যকে কোনোভাবেই ‘বৃদ্ধাশ্রমে’ পরিণত হতে না দেওয়া। নিজের বাঙালি পরিচয়কে প্রাধান্য দিয়ে তিনি বলেন, এই শহরই তাঁর মাতৃভূমি এবং শিকড়।
দীর্ঘদিনের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে রাজ্যের বর্তমান ক্রীড়া পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ডেভিস কাপ তারকা। লিয়েন্ডারের মতে, বাংলাতে ফুটবল ও ক্রিকেটের কিছুটা চল থাকলেও অন্যান্য খেলাধুলার সুযোগ অত্যন্ত সীমিত। বিশেষ করে টেনিসের ক্ষেত্রে আধুনিক অবকাঠামো ও পর্যাপ্ত ইনডোর কোর্টের অভাব অনুশীলনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে রাজ্যে উন্নত টেনিস স্টেডিয়াম এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
২০২১ সালে গোয়া বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। তবে এবার ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালেন তিনি। এর আগে কংগ্রেসের সঙ্গেও তাঁর বৈঠকের খবর সামনে এসেছিল। লিয়েন্ডার ২০২৬-এর নির্বাচনে সরাসরি প্রার্থী হবেন কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও, রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ক্রীড়া প্রশাসনে তিনি বড় দায়িত্ব পেতে পারেন। বিশেষ করে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে বিজেপি নেতৃত্ব।