‘বাংলাকে বৃদ্ধাশ্রম হতে দেব না’, বিজেপিতে যোগ দিয়েই হুঙ্কার লিয়েন্ডার পেজের

রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। কলকাতায় ফিরে সাংবাদিক বৈঠকে নিজের লক্ষ্য স্পষ্ট করে লিয়েন্ডার জানান, কলকাতা তাঁর মাতৃভূমি এবং প্রিয় এই রাজ্যকে কোনোভাবেই ‘বৃদ্ধাশ্রমে’ পরিণত হতে দেবেন না তিনি। বাঙালির শিকড় এবং ঐতিহ্যকে সামনে রেখেই তিনি রাজ্যের উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে চান।
ক্রীড়া পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরব হয়ে লিয়েন্ডার জানান, ফুটবল ও ক্রিকেটের কিছু সুযোগ থাকলেও টেনিসের মতো অন্যান্য খেলার ক্ষেত্রে রাজ্যে উপযুক্ত পরিকাঠামোর প্রবল অভাব রয়েছে। বিশেষ করে ইনডোর টেনিস কোর্ট এবং আধুনিক টেনিস স্টেডিয়াম না থাকায় প্রতিকূল আবহাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত হয়। এই পরিস্থিতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সঠিক সুযোগ পেলে বাংলার যুবসমাজ নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবে।
২০২১ সালে তৃণমূলে যোগ দিলেও ২০২৬-এর লড়াইয়ে পদ্ম শিবিরকেই বেছে নিলেন এই প্রাক্তন ডেভিস কাপ তারকা। রাজনীতিতে তাঁর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে জল্পনা থাকলেও, ক্রীড়া প্রশাসনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে দেশের পরিকাঠামো উন্নয়নে লিয়েন্ডারের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিজেপি নেতৃত্ব। যুবসমাজের ক্ষমতায়নই এখন তাঁর প্রধান লক্ষ্য।