টলিউডে নিরাপত্তা সংকট: রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আবহে বিস্ফোরক অভিযোগ জীতু কামালের

তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু টলিপাড়ায় নিরাপত্তার অভাবকে প্রকট করেছে। প্রশাসনের অনুমতি ছাড়া বিপজ্জনক সৈকতে শুটিং এবং পর্যাপ্ত জীবনদায়ী সরঞ্জামের অনুপস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই ঘটনার রেশ ধরে অভিনেতা জীতু কামাল শুটিং সেটে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তার দাবি, আউটডোর শুটিংয়ে অভিনেতা ও কলাকুশলীদের জীবন চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
জীতু কামালের অভিযোগ, গত ১৫ মার্চ ঝড়বৃষ্টির মধ্যে চন্দননগরে গঙ্গার বুকে নৌকায় শুটিং করার জন্য তাকে চাপ দেয় একটি প্রোডাকশন হাউজ। জীবনহানির ভয়ে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ করা হয় এবং গায়ে হাত তোলার চেষ্টা করা হয়। অভিনেতা জানান, তিনি ‘এরাও মানুষ’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন। অসুস্থ অবস্থায় প্রতিকূল পরিবেশে কাজ করতে বাধ্য হওয়ায় তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।
এই অরাজক পরিস্থিতির জন্য আর্টিস্ট ফোরামের উদাসীনতাকেও দায়ী করেছেন জীতু। তার অভিযোগ, ফোরামের সম্পাদকের উপস্থিতিতে অপেশাদার আচরণ চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি মেল করার পরেও সংগঠনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিনেতার আক্ষেপ, সময়মতো তার অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হলে হয়তো রাহুল বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘটে যাওয়া এই ভয়ানক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। বর্তমানে শুটিংয়ের নিয়মবিধি নিয়ে টলিপাড়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।