টস জিতে ফিল্ডিংয়ে দিল্লি, মুম্বইয়ের বিরুদ্ধে রোহিতের সামনে রেকর্ডের হাতছানি

চলতি আইপিএল ২০২৬-এর প্রথম ডাবল হেডারে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের এই হাইভোল্টেজ লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে তুঙ্গে উত্তেজনা বিরাজ করছে।
দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে লখনউকে ৬ উইকেটে হারিয়েছে, যেখানে সমীর রিজভির ৭০ রানের ইনিংস ছিল নজরকাড়া। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স ২০১২ সালের পর এই প্রথম জয় দিয়ে মরশুম শুরু করেছে। প্রথম ম্যাচে কেকেআরের দেওয়া ২২১ রানের লক্ষ্য তাড়া করে রোহিত শর্মা ও রায়ান রিকলটনের অনবদ্য পার্টনারশিপ মুম্বইকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিল।
আজকের ম্যাচে সবার নজর থাকছে রোহিত শর্মার ওপর। এই ম্যাচে আর মাত্র ৪টি বাউন্ডারি মারলেই আইপিএলে ৬৫০টি চারের মাইলফলক স্পর্শ করবেন তিনি। বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ ব্যাটার হিসেবে এই অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন প্রাক্তন মুম্বই অধিনায়ক। মাঠের লড়াইয়ে আজ কে শেষ হাসি হাসে, সেটাই দেখার।