বারাবনিতে ‘আত্মবিশ্বাসী’ অভিষেক: বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাতের ডাক

শনিবার বারাবনির নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঠফাটা রোদ উপেক্ষা করে মানুষের উপস্থিতি দেখে তিনি দাবি করেন, মানুষ ইতিমধ্যেই ২৩ তারিখ তৃণমূলকে জেতানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনবারের বিধায়ক বিধান উপাধ্যায়ের জয় সময়ের অপেক্ষা উল্লেখ করে তিনি আগামী ১০০ বছরেও যাতে বিজেপি এখানে মাটি খুঁজে না পায়, সেই আহ্বান জানান।
অভিষেক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও দলীয় কর্মীদের মারধরের অভিযোগ তুলে কটাক্ষ করেন। তিনি সতর্ক করে বলেন, বিজেপি জয়ী হলে এলাকায় দুষ্কৃতীরাজ ফিরে আসবে। অন্যদিকে, বিধান উপাধ্যায়কে ‘জনদরদি’ নেতা হিসেবে অভিহিত করে অভিষেক জানান, তিনি দলমত নির্বিশেষে সারা বছর মানুষের পাশে থাকেন। প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছ ভাবমূর্তিই তৃণমূলের বড় শক্তি বলে তিনি দাবি করেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে অভিষেক ২০১১ পরবর্তী পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দেন। নতুন জেলা গঠন, বিশ্ববিদ্যালয় ও প্রশাসনিক পরিকাঠামো তৈরির খতিয়ান তুলে ধরে তিনি স্থানীয় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেন। সিলিকোসিস আক্রান্তদের জন্য নিখরচায় চিকিৎসা ও যাতায়াতের বিশেষ পরিচয়পত্র প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বারাবনির সামগ্রিক জনকল্যাণের আশ্বাস দেন।