সিলিকোসিস আক্রান্তদের পাশে রাজ্য সরকার, বারাবনিতে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ অভিষেকের

সিলিকোসিস আক্রান্তদের পাশে রাজ্য সরকার, বারাবনিতে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ অভিষেকের

বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়কে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খোদ তাঁর দলের নেতারাই খুনের হুমকির মামলা করেছেন। অরিজিৎ রায় জয়ী হলে এলাকায় পুনরায় দুষ্কৃতীরাজ কায়েম হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একইসঙ্গে স্থানীয় বিজেপি কার্যালয় কয়লা মাফিয়াদের আখড়ায় পরিণত হয়েছে বলেও তিনি তোপ দাগেন।

এলাকার পাথর শিল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেন অভিষেক। তিনি ঘোষণা করেন, সিলিকোসিস আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকা পাথর কাটা কারখানার শ্রমিকদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। যাদের কাছে সিলিকোসিস পরিচয়পত্র রয়েছে, তাদের সকল প্রকার সরকারি সাহায্য নিশ্চিত করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে এলাকার শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে তিনি সভায় আশ্বাস প্রদান করেন।

নির্বাচনী প্রচার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাবনির উন্নয়নে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে ক্যানসার চিকিৎসার আধুনিকীকরণ এবং চুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো প্রকল্পের কথা উল্লেখ করে তিনি কেন্দ্রের মোদী সরকারকে মূল্যবৃদ্ধি নিয়ে একহাত নেন। এলাকার তিনবারের বিধায়ক বিধান উপাধ্যায়কে পুনরায় বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি বারাবনিকে বিজেপি মুক্ত করার ডাক দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *