ছাব্বিশের লক্ষ্যে বামেদের ১১ দফা ইস্তেহার: বিনামূল্যে বিদ্যুৎ ও নারী সুরক্ষায় ‘অভয়া বাহিনী’র ঘোষণা

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১১ দফা গুচ্ছ প্রতিশ্রুতি সম্বলিত নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত এই ইস্তেহারে কর্মসংস্থান, জনকল্যাণ এবং নারী সুরক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তৃণমূলের সামাজিক ভাতার বিপরীতে বামেরা মূলত পরিকাঠামোগত উন্নয়ন এবং স্থায়ী পরিষেবার ওপর জোর দিয়েছে।
ইস্তেহারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হলো বিদ্যুৎ পরিষেবা। জানানো হয়েছে, আয়কর প্রদান করেন না এমন পরিবারগুলিকে প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পরবর্তী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে অর্ধেক দামে। এ ছাড়া, নারী সুরক্ষায় ‘অভয়া’ আবেগকে পাথেয় করে বিশেষ ‘অভয়া বাহিনী’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বাম নেতৃত্ব।
কর্মসংস্থান নিয়ে বামেদের প্রতিশ্রুতি, প্রতি পরিবারে একজনের স্থায়ী চাকরি এবং পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে। স্বচ্ছতার সঙ্গে প্রতি বছর এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়ার পাশাপাশি প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা এবং মাসিক ৬,০০০ টাকা বার্ধক্য ভাতার কথা উল্লেখ করা হয়েছে ইস্তেহারে। সব মিলিয়ে ২২টি জনমুখী প্রকল্পের অঙ্গীকার করেছে বামফ্রন্ট।