চুঁচুড়ায় রাজ্য জুডো প্রতিযোগিতার মেগা ইভেন্ট, যাত্রা শুরু করল আন্তর্জাতিক মানের অ্যাকাডেমি

চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা। শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। একইসঙ্গে ক্রীড়াপ্রেমীদের জন্য এই চত্বরে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের জুডো প্রশিক্ষণ কেন্দ্রের পথ চলা শুরু হয়েছে।
এই মেগা ইভেন্টে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরসহ রাজ্যের মোট ১৭টি জেলা থেকে প্রায় ৩৭০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। ওজনের ভিত্তিতে মোট ৫২টি বিভাগে ভাগ করা হয়েছে এই প্রতিযোগিতাকে। প্রথম দিনে কিডস এবং সাব জুনিয়র বিভাগের খেলাগুলি অনুষ্ঠিত হয়। পরবর্তী ধাপে ক্যাডেট, জুনিয়র এবং সিনিয়র বিভাগের প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ তন্ময় রায় চৌধুরী, অভিজিৎ মুখার্জি এবং ডঃ ধ্রুবজ্যোতি চ্যাটার্জীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্য প্রশিক্ষক পার্থ সেনগুপ্ত জানিয়েছেন, প্রতিটি বিভাগ থেকে চারজন করে প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। জেলাভিত্তিক বিজয়ী ও রানার্সদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হবে। এই উদ্যোগটি রাজ্যে জুডোর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।