কেরলে ডাবল ইঞ্জিন সরকারে আসবে উন্নয়নের গতি, বার্তা নরেন্দ্র মোদীর

কেরলের তিরুবল্লায় এক নির্বাচনী জনসভায় রাজ্যজুড়ে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, কেরলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হলে উন্নয়নের পথে থাকা সমস্ত বাধা দূর হবে। এদিন ভাষণের শুরুতে রাজ্যের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, উত্তর-পূর্ব ভারত ও গোয়ার মতো কেরলেও এবার ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে। মানুষ এলডিএফ এবং ইউডিএফ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে এনডিএ-র ওপর আস্থা রাখছে।
রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সবরীমালা রেল প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো বাম সরকার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এলে এই প্রকল্পের অড়চন দূর করার পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অবহেলার কারণে রাজ্যের রাস্তাঘাট ও স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার দশা ফুটে উঠেছে। কেন্দ্র গত কয়েক বছরে কেরলকে পাঁচ গুণ বেশি অর্থ দিলেও সাধারণ মানুষের কাছে তার সুফল পৌঁছাতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার।
কর্মসংস্থানের অভাবে কেরলের যুবসমাজের ভিনরাজ্যে পাড়ি দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী। তিনি বলেন, রাজ্যে শিল্প, স্টার্টআপ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূর করাই এনডিএ-র প্রধান লক্ষ্য। এছাড়া নারী ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি ‘লখপতি দিদি’ প্রকল্প ও লোকসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুর্নীতির অবসান ঘটিয়ে স্বচ্ছ শাসনব্যবস্থা নিশ্চিত করতে তিনি কেরলবাসীকে এনডিএ জোটকে সমর্থনের আহ্বান জানান।
একইসঙ্গে পশ্চিম এশিয়ায় কর্মরত ভারতীয়দের নিরাপত্তা ও মৎস্যজীবীদের ফিরিয়ে আনার বিষয়ে মোদী কেন্দ্র সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান। তিনি বলেন, কংগ্রেস ও বামপন্থীরা নিজেদের মধ্যে লড়াইয়ের নাটক করলেও উন্নয়নের প্রশ্নে তারা সম্পূর্ণ ব্যর্থ। সবরীমালা মন্দিরের ঐতিহ্য রক্ষা এবং ভক্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে এনডিএ সরকার বদ্ধপরিকর। উন্নয়নের নতুন মানদণ্ড গড়ার লক্ষ্যেই আসন্ন নির্বাচনে কেরলে পদ্ম শিবির জয়ের ব্যাপারে আশাবাদী বলে তিনি মন্তব্য করেন।