কংগ্রেস ও সিপিএমের লড়াই আসলে সাজানো কুস্তি, কেরালায় বিরোধীদের কড়া আক্রমণ মোদির

কেরলের তিরুভল্লার নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস এবং বামফ্রন্টকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের মিথ্যার ‘ফ্যাক্টরি’ হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, কেরালা স্টোরি বা কাশ্মীর ফাইলসের মতো সত্য ঘটনাগুলোকে ধামাচাপা দিতে চাইছে এই দলগুলো। প্রধানমন্ত্রীর মতে, কেরলে এলডিএফ ও ইউডিএফ-এর মধ্যে যে বিরোধ দেখা যায়, তা আদতে লোক দেখানো এবং অনেকটা সাজানো কুস্তির মতো। বাইরে তারা একে অপরের বিরোধিতা করলেও তলে তলে তাদের গোপন আঁতাত রয়েছে বলে তিনি কটাক্ষ করেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এফসিআরএ, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) এবং সিএএ নিয়ে বিরোধীরা পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। গোয়ার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে কয়েক দশক ধরে ইউসিসি চালু থাকলেও কোনো সমস্যা হয়নি, অথচ রাজনৈতিক ফায়দা লুটতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মোদির দাবি, কেবল তাঁকে গালি দেওয়ার নেশায় কংগ্রেস বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং পশ্চিম এশিয়া ও উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী কোটি কোটি ভারতীয়র নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে।
কেরলের মন্দিরগুলোর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সবরিমালা মন্দিরের সোনা চুরি ও লুটতরাজের সঙ্গে দুই জোটই যুক্ত। এনডিএ ক্ষমতায় এলে এই লুটের প্রতিটি হিসাব নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি, বিদেশে কর্মরত প্রবাসীদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করে তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ রাখছেন। সংকীর্ণ রাজনীতির মাধ্যমে যারা দেশের ক্ষতি করছে, ব্যালট বক্সে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি কেরালাবাসীর প্রতি আহ্বান জানান।