মাসিক ২০০০ টাকা ভাতা ও নারী নিরাপত্তায় অভয়া বাহিনী বামেদের নির্বাচনী ইশতেহারে বড় চমক

মাসিক ২০০০ টাকা ভাতা ও নারী নিরাপত্তায় অভয়া বাহিনী বামেদের নির্বাচনী ইশতেহারে বড় চমক

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই নির্বাচনী সংকল্পপত্র পেশ করা হয়। কর্মসংস্থান, শিল্পায়ন এবং সামাজিক সুরক্ষাকে মূল স্তম্ভ হিসেবে তুলে ধরে এই ইশতেহারে মোট ২২টি প্রধান অঙ্গীকার করা হয়েছে। ক্ষমতার অলিন্দে ফিরলে আগামী ৫ বছরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি শূন্যপদে স্বচ্ছ নিয়োগের পাশাপাশি প্রতিটি উপার্জনহীন পরিবারের অন্তত একজনের কাজ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বামেরা।

যুব সমাজের জন্য ‘নেতাজী সুভাষ যুবসেবক প্রকল্প’ চালুর কথা ঘোষণা করেছে বামফ্রন্ট। এর আওতায় বেকার তরুণরা প্রশিক্ষণের পাশাপাশি মাসিক ২০০০ টাকা করে ভাতা পাবেন। এছাড়া নিবন্ধিত বেকারদের অন্তত দুটি চাকরির কল দেওয়া এবং গ্রামীণ এলাকায় বছরে ২০০ দিন ও শহরে ১২০ দিন কাজের নিশ্চয়তার কথা বলা হয়েছে। কৃষকদের জন্য ১৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেড় গুণ করা এবং শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৭০০ টাকা করার অঙ্গীকারও করেছে তারা।

নারী নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে বিশেষ জোর দিয়ে বামেদের প্রস্তাবিত ‘অভয়া বাহিনী’ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় পুলিশের অধীনে অথচ স্বশাসিত এই বাহিনী নারী সুরক্ষা নিশ্চিত করবে। সাধারণ মানুষের সুরাহা দিতে স্মার্ট মিটার বন্ধের পাশাপাশি ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে এবং ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে অর্ধেক মাশুল নেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রবীণদের বার্ধক্য ভাতা বাড়িয়ে ৬০০০ টাকা করা এবং স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুবের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের ভোটারদের মন জয়ের চেষ্টা করেছে বাম নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *