যুদ্ধ আবহে ১৯ হাজার কোটি টাকা ফেরত চাইল আমিরশাহি, চরম সংকটে পাকিস্তান

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই পাকিস্তানকে দেওয়া ঋণের অর্থ ফেরত চাইল সংযুক্ত আরব আমিরশাহি। ইসলামাবাদকে দেওয়া প্রায় ২০০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার কোটি টাকা, দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আবু ধাবি। বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে এই বিশাল অঙ্কের অর্থ ঋণ হিসেবে দিয়েছিল আমিরশাহি।
আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে আরব দেশটি। এতদিন দফায় দফায় ঋণের মেয়াদ বাড়ানো হলেও, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান আর সেই সুবিধা পাচ্ছে না। জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহির এই ঋণের অর্থ স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে গচ্ছিত রয়েছে এবং নির্ধারিত সুদসহ তা ফেরত দিতে হবে।
আবু ধাবির অনড় অবস্থানের মুখে পাকিস্তান এই ঋণ পরিশোধে সম্মতি জানিয়েছে। সরকারি সূত্রে খবর, চলতি এপ্রিল মাসের শেষের দিকেই সম্পূর্ণ অর্থ মিটিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শাহবাজ শরিফ সরকার। দীর্ঘ কয়েক বছর ধরে পাওয়া এই আর্থিক সহায়তার মেয়াদ শেষ হওয়ায় চরম অর্থসঙ্কটের মুখে থাকা ইসলামাবাদের ওপর চাপ আরও বাড়ল।