লিস্টনের গোল ম্লান করে শেষ মুহূর্তের ড্র মোহনবাগানের, হাতছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্ট

আইএসএলের খেতাব জয়ের লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বই সিটি এফসির কাছে হারের পর এবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের ১৫ মিনিটে লিস্টন কোলাসোর দূরপাল্লার দর্শনীয় গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে এই লিড ধরে রাখতে ব্যর্থ হওয়ায় লিগ টেবিলের তিন নম্বরে নেমে গেল তারা।
ম্যাচের প্রথমার্ধ জুড়ে দাপট দেখায় বাগান ফুটবলাররা। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ব্রাজিলীয় তারকা রবসন ও ম্যাকলারেন। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জামশেদপুর। ৮৫ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করলেও হাল ছাড়েনি আয়োজক দল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমে (৯০+৫ মিনিট) ঋত্বিক দাসের গোলে সমতা ফেরায় তারা।
এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় জামশেদপুর এফসি দ্বিতীয় স্থানে উঠে এল। অন্যদিকে, রক্ষণভাগের নড়বড়ে পরিস্থিতি এবং শেষ মুহূর্তের গোল হজম করায় লিগ শিল্ড জয়ের রাস্তা কঠিন হয়ে পড়ল মেরিনার্সদের জন্য। গরমের আবহাওয়ায় খেলা কঠিন হলেও, সহজ সুযোগ নষ্ট এবং রক্ষণের ব্যর্থতাতেই বাগান শিবিরকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে।