২০০ কোটি ডলার ফেরত চায় আমিরশাহি: চরম আর্থিক সংকটে পাকিস্তান

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতা ও যুদ্ধের আবহে পাকিস্তানকে দেওয়া ২০০ কোটি ডলার বা প্রায় ১৯ হাজার কোটি টাকার ঋণ দ্রুত ফেরত চেয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। স্টেট ব্যাংক অফ পাকিস্তানে গচ্ছিত এই বিপুল পরিমাণ অর্থ চলতি এপ্রিল মাসের শেষ নাগাদ আবু ধাবিকে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গত কয়েক বছর ধরে এই আর্থিক সহায়তা দিয়ে আসছিল আমিরশাহি।
আবু ধাবি ও ইসলামাবাদের মধ্যে হওয়া এই চুক্তির মেয়াদ এর আগে কয়েক দফায় বৃদ্ধি করা হলেও বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে অর্থ ফেরতের ওপর জোর দিয়েছে আমিরশাহি। বিগত বছরগুলোতে ৬ শতাংশ সুদের হারে এই ঋণের মেয়াদ পুনর্নবীকরণ করা হয়েছিল। গত ডিসেম্বরে কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ১৭ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল, যা এখন পরিশোধের অপেক্ষায়।
সংযুক্ত আরব আমিরশাহির ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় উদ্ভূত পরিস্থিতিতে এই অর্থ ফেরতের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে দেশের অভ্যন্তরীণ আর্থিক মন্দা এবং অন্যদিকে বন্ধু রাষ্ট্রের পক্ষ থেকে ঋণের অর্থ ফেরতের চাপে শাহবাজ শরিফ সরকার এখন চরম অস্বস্তিতে। নির্ধারিত সময়ের মধ্যে এই বিশাল অংকের অর্থ পরিশোধ করা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।