গড়বেতায় পথ দুর্ঘটনায় ৪ পরীক্ষার্থী জখম, হাসপাতালেই পরীক্ষার বিশেষ ব্যবস্থা

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় পঞ্চম সেমিস্টারের চার পরীক্ষার্থী জখম হয়েছেন। শনিবার সকালে চন্দ্রকোনা টাউন কলেজ থেকে অটোতে করে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অটো চালকসহ পরীক্ষার্থী রিতু ঘোষ, পায়েল পাখিরা, রিঙ্কু মণ্ডল ও শম্পা চোংদার আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার হাসপাতালে পৌঁছে চিকিৎসার তদারকি করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় এক পরীক্ষার্থীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন পরীক্ষার্থীদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার কবলে পড়া ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি পরীক্ষার্থীরা যাতে তাদের শিক্ষাবর্ষ নষ্ট না করে পরীক্ষা দিতে পারেন, সেই লক্ষ্যে হাসপাতালেই বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এই মানবিক সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আহত ছাত্রীদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।