হাইওয়েতে টোল ট্যাক্স মেটাতে নগদে না, ১০ এপ্রিল থেকে ফাস্ট্যাগ ও ইউপিআই বাধ্যতামূলক

জাতীয় সড়কে যাতায়াতের অভিজ্ঞতায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। আগামী ১০ এপ্রিল ২০২৬ থেকে দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজায় নগদ লেনদেন পুরোপুরি বন্ধ হতে চলেছে। এর পরিবর্তে ফাস্ট্যাগ (FASTag) বা ইউপিআই (UPI) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মূলত টোল প্লাজার দীর্ঘ যানজট কমাতে এবং ডিজিটাল লেনদেনে গতি আনতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।
নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব গাড়িতে বৈধ ফাস্ট্যাগ নেই, তাদের টোল দিতে হবে ইউপিআই-এর মাধ্যমে। তবে সেক্ষেত্রে সাধারণ টোলের তুলনায় ১.২৫ গুণ বেশি অর্থ গুনতে হবে। যদি কেউ ডিজিটাল পেমেন্ট করতে অস্বীকার করেন, তবে ২০০৮ সালের ন্যাশনাল হাইওয়েস ফি রুলস অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই গাড়িকে রাস্তা ব্যবহারের অনুমতি নাও দিতে পারে। পাশাপাশি ই-নোটিস পাঠানোর তিন দিনের মধ্যে জরিমানা না মেটালে তা দ্বিগুণ হওয়ার বিধানও রাখা হয়েছে।
এবারের নিয়মে বড় বদল আসছে টোল মকুবের ক্ষেত্রেও। এতদিন সরকারি আধিকারিক বা প্রতিরক্ষা কর্মীরা অনেক সময় ব্যক্তিগত কাজে বেরিয়ে আইডি কার্ড দেখিয়ে টোল ছাড় পেতেন, যা এখন থেকে পুরোপুরি বন্ধ। কেবল ছাড়প্রাপ্ত নির্দিষ্ট গাড়িগুলির জন্য ‘Exempted FASTag’ বা অ্যানুয়াল পাস ব্যবহার করতে হবে। উল্লেখ্য, ১ এপ্রিল থেকে অ্যানুয়াল পাসের দাম ২.৫ শতাংশ বাড়িয়ে ৩,০৭৫ টাকা করা হয়েছে, যা নিয়মিত যাতায়াতকারীদের জন্য সাশ্রয়ী হবে।
ডিজিটাল ইন্ডিয়ার পথে হেঁটে সরকার ভবিষ্যতে ‘মাল্টি-লেন ফ্রি-ফ্লো টোলিং’ ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে। এই পদ্ধতিতে ক্যামেরা ও আরএফআইডি প্রযুক্তির সাহায্যে গাড়ি চলন্ত অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে, ফলে প্লাজায় গাড়ি থামানোর প্রয়োজন পড়বে না। বর্তমানে দেশের প্রায় ৯৮ শতাংশ টোল লেনদেন ডিজিটালি সম্পন্ন হলেও ১০ এপ্রিল থেকে নগদহীন এই ব্যবস্থা প্রশাসনিকভাবে একটি বড় মাইলফলক হতে চলেছে।