ভোট না দিলে আর কোনো সম্পর্ক নেই মালদহের জনসভা থেকে চরম হুঁশিয়ারি মমতার

ভোট না দিলে আর কোনো সম্পর্ক নেই মালদহের জনসভা থেকে চরম হুঁশিয়ারি মমতার

রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদহের মানিকচকে আয়োজিত জনসভা থেকে ভোটারদের উদ্দেশে কড়া ও আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সমর্থন আদায়ে সরাসরি আবেগ ও রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনকে হাতিয়ার করে তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ যদি ঘাসফুল শিবিরকে ভোট না দেন, তবে তাঁদের সঙ্গে তিনি আর কোনো সম্পর্ক রাখবেন না। গত লোকসভা নির্বাচনে মালদহের ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করে এদিন ভোটারদের আনুগত্য নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি।

মানিকচকের সভায় মুখ্যমন্ত্রী মালদহের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা লোকসভায় বিজেপি ও কংগ্রেসকে ভোট দিয়েছেন। বিধানসভাতেও কি সেই একই কাজ করবেন? আপনারা ভোট না দিলে আমি আপনাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। আমি অত্যন্ত আবেগপ্রবণ মানুষ।” বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, গেরুয়া শিবির বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বোঝে না। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা এনআইএ, সিবিআই, ইডি এবং বিএসএফ-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, সীমান্ত দিয়ে আসা অর্থের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলা উচিত। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী তকমা দেওয়ার সংস্কৃতির বিরুদ্ধেও সরব হন নেত্রী।

মালদহের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃণমূলের কর্মীরা নিরলস কাজ করলেও গত নির্বাচনে জেলাটি থেকে কাঙ্ক্ষিত আসন পায়নি দল। তিনি স্মরণ করিয়ে দেন, আগামী ২৩ ও ২৯ এপ্রিল মালদহে দুই দফায় ভোটগ্রহণ এবং ফলাফল প্রকাশ ৪ মে। আগামী পাঁচ বছর রাজ্যে শান্তি বজায় রাখতে হলে বিজেপিকে রুখে দেওয়ার কোনো বিকল্প নেই বলে তিনি স্পষ্ট করে দেন। এছাড়া নিরপরাধ মানুষকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে দলীয় সমর্থকদের কোনো প্ররোচনায় পা না দিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *