২০৩৬ অলিম্পিক্স ভারতে আনাই লক্ষ্য, বিজেপিতে যোগ দিয়ে বড় দায়িত্ব পেলেন লিয়েন্ডার পেজ

দেশের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং ২০৩৬ সালের অলিম্পিক্স গেমস ভারতে আয়োজনের লক্ষ্য নিয়ে বিজেপিতে যোগ দিলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সম্প্রতি দিল্লিতে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগদানের পর শনিবার কলকাতায় এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। লিয়েন্ডারের সাংবাদিক বৈঠক শেষ হতেই জানানো হয়, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে ‘ওয়াই’ (Y) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।
কলকাতার বিধাননগরে বিজেপির কার্যালয়ে লিয়েন্ডার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন। ২০৩৬ সালের অলিম্পিক্সের আসর ভারতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও দল গঠনের কাজ করবেন তিনি। লিয়েন্ডারের কথায়, প্রধানমন্ত্রী ব্যস্ততার মধ্যেও তাঁর প্রস্তাব মন দিয়ে শুনেছেন এবং আগামী ২০ বছরে ক্রীড়া শিক্ষার মাধ্যমে প্রায় ২৫ কোটি ছেলেমেয়ের জীবন গড়ার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও এই প্রক্রিয়ায় তাঁকে পূর্ণ সহযোগিতা করছেন বলে তিনি উল্লেখ করেন।
ভোট রাজনীতির চেয়ে ক্রীড়া প্রশাসনেই লিয়েন্ডারের আগ্রহ বেশি বলে মনে করা হচ্ছে। টেনিসের উন্নতির পাশাপাশি গুজরাতে প্রস্তাবিত কমনওয়েলথ গেমস নিয়েও তিনি কাজ করবেন। নিজের বাঙালি পরিচয়কে সামনে এনে লিয়েন্ডার বলেন, “আমার নাম সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, কিন্তু আমি কলকাতায় জন্মেছি এবং পশ্চিমবঙ্গ আমার মাতৃভূমি।” রাজ্যের ক্রীড়া ব্যবস্থার সমালোচনা করে তিনি দাবি করেন, ক্রীড়াবিদদের হাতে প্রশাসনিক দায়িত্ব থাকলে অব্যবস্থাপনা এড়ানো সম্ভব।
উল্লেখ্য, গত ৩১ মার্চ লিয়েন্ডার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এর আগে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছিল। দেশের ক্রীড়া প্রশাসনে বড় ভূমিকা পালনের ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল, যা শনিবার লিয়েন্ডারের বক্তব্যের মাধ্যমে আরও স্পষ্ট হলো। আপাতত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর নিরাপত্তায় থেকে নিজের নতুন লক্ষ্যপূরণে নামছেন এই টেনিস তারকা।