চাকদহ পুনরুদ্ধারে মতুয়া কার্ড ও উন্নয়নে শাণ তৃণমূলের, জমি ছাড়তে নারাজ বিজেপি

চাকদহ বিধানসভা কেন্দ্রে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের প্রার্থী শুভঙ্কর সিংহ (যীশু) মতুয়া ভোটব্যাংক এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে হাতিয়ার করে জোরকদমে প্রচার শুরু করেছেন। বিশেষ করে এসআইআর থেকে নাম বাদ যাওয়ার ইস্যু এবং স্থানীয় রাস্তাঘাট ও নাগরিক পরিষেবা প্রসারের দাবিকে সামনে রেখে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে শাসক দল।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি শিবিরও। বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ কেন্দ্রীয় প্রকল্প এবং গত পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরে নির্বাচনী ময়দানে সক্রিয় রয়েছেন। গেরুয়া শিবিরের দাবি, চাকদহ বর্তমানে তাদের শক্ত ঘাঁটি এবং লোকসভা নির্বাচনের ফলের ধারাবাহিকতা বজায় রেখে এবারও তারা বিপুল ব্যবধানে জয়ী হবে।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে মতুয়া সমীকরণ ও স্থানীয় ইস্যুগুলিই জয়-পরাজয়ের প্রধান কারিগর হতে চলেছে। ২০২১ সালের নির্বাচনে প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি। ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও এই কেন্দ্রে এগিয়ে ছিল তারা। এবার বিজেপি তাদের দুর্গ রক্ষা করতে পারে নাকি তৃণমূল প্রত্যাবর্তন ঘটায়, তা নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।