নাতির ভুলে প্রাণ গেল ঠাকুমার, থার গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু

উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় এক শিউরে ওঠা দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল এক বৃদ্ধার। বাড়ির ভেতরে থার গাড়ি পার্ক করার সময় নাতির সামান্য ভুলে পিষ্ট হয়ে মৃত্যু হলো নিজের ঠাকুমার। এই মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্য়েই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে স্তম্ভিত এলাকাবাসী।
জানা গিয়েছে, ঘটনার সময় বৃদ্ধার নাতি নিজের থার গাড়িটি বাড়ির ভেতরে পার্ক করার চেষ্টা করছিলেন। সেই সময় বাড়ির প্রধান গেটটি বন্ধ করার জন্য ঠিক গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধা। নাতি গাড়িটি ব্যাক গিয়ারে দিতেই আচমকা তা নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে ধেয়ে আসে।
বিপদ বুঝে আতঙ্কিত বৃদ্ধা চিৎকার করে হাত দিয়ে গাড়িটি থামানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু গাড়ির গতিবেগ ও ওজন এতটাই বেশি ছিল যে তিনি নিজেকে বাঁচাতে পারেননি। মুহূর্তের মধ্যে থার গাড়িটি বৃদ্ধাকে টেনে নিয়ে গিয়ে সজোরে পিছনের দেওয়ালে ধাক্কা মারে। দেওয়াল এবং গাড়ির মাঝে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
পরিবারের সদস্যদের আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং বাড়ির সিসিটিভি ফুটেজটি নিজেদের হেফাজতে নিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ বিষয়টিকে একটি নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো যান্ত্রিক ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক পরিণতির পর গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং অভিযুক্ত নাতি মানসিকভাবে ভেঙে পড়েছেন।