মালদহ মোথাবাড়ি কাণ্ড: অবরুদ্ধ বিচারকদের বয়ান নথিভুক্ত করল এনআইএ

মালদহের মোথাবাড়িতে বিডিও অফিসে বিচারকদের আটকে রাখার ঘটনায় তদন্তের গতি বাড়াল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারী দল অবরুদ্ধ হওয়া সাত বিচারকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। সেদিনের ঘটনার বিবরণ ও নিরাপত্তার অভাব সংক্রান্ত জেলাশাসককে লেখা চিঠির অনুলিপিও সংগ্রহ করেছেন আধিকারিকরা। ঘটনার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র বা উসকানি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তের স্বার্থে এনআইএ জেলা পুলিশের কন্ট্রোল রুমের লগবুক ও থানায় দায়ের করা জিডি কপি সংগ্রহ করেছে। বিচারকদের উদ্ধার করতে পুলিশের দেরি হওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুলিশ সুপার নিজে না গিয়ে কেন অধস্তন আধিকারিককে পাঠিয়েছিলেন, সেই বিষয়টিও তদন্তের আওতাভুক্ত করা হয়েছে। এমনকি উদ্ধারকারী গাড়ির চালকদের বয়ানও রেকর্ড করেছে কেন্দ্রীয় এই সংস্থা।
প্রাথমিক তদন্তে এই হামলাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে এনআইএ। আইএসএফ ও মিমের পাশাপাশি নিষিদ্ধ সংগঠন সিমি ও পিএফআই-এর উসকানির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী সোমবার তদন্তের বিস্তারিত রিপোর্ট দেশের শীর্ষ আদালতে জমা দেবে জাতীয় তদন্তকারী সংস্থা। পুরো বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।