বালিতে তৃণমূলের তুরুপের তাস ‘স্পেশাল ২৬’, জয়ের লক্ষ্যে কোমর বাঁধছে শাসক-বিরোধী সব পক্ষই

বালি বিধানসভা নির্বাচনে এবার প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি এবং পানীয় জল সরবরাহ। জঞ্জালমুক্ত বালি গড়ার লক্ষ্যে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র ইতিমধ্যে লিলুয়ায় ২০ বিঘা জমি চিহ্নিত করে কাজে নেমে পড়েছেন। এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো সম্বলিত ‘স্পেশাল ২৬’ শীর্ষক ইস্তাহার আনতে চলেছে তৃণমূল।
নির্বাচনী লড়াইয়ে বিজেপির প্রার্থী হয়েছেন সঞ্জয় সিং এবং বামেদের বাজি শঙ্কর মৈত্র। বহিরাগত ইস্যুতে বিজেপি প্রার্থীকে নিয়ে প্রশ্ন উঠলেও, তিনি তা খণ্ডন করেছেন। অন্যদিকে, বামেরা বন্ধ জুট মিল ও ঐতিহ্য রক্ষার দাবিতে প্রচার চালাচ্ছে। গত লোকসভার নিরিখে তৃণমূল এগিয়ে থাকলেও বেশ কিছু ওয়ার্ডে পিছিয়ে ছিল, যা পুনরুদ্ধারে এখন মরিয়া ঘাসফুল শিবির।
স্থানীয়দের মতে, তৃণমূল প্রার্থীর জনসংযোগ ও উপস্থিতিতে পাল্লা কিছুটা ভারী। তবে বিজেপি ও বামেদের দাবি, ভোটের লড়াই হবে শেষ পর্যন্ত এবং সাধারণ মানুষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দীর্ঘদিন পুরভোট না হওয়া বালিতে শেষ হাসি কে হাসবেন, তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে।