ব্যাট হাতে ব্যর্থ গ্রিন, পাঞ্জাব ম্যাচে কি সুযোগ পাবেন বিগ-হিটার পাওয়েল?

আইপিএলে টানা দুই ম্যাচে পরাজয়ে প্রবল চাপে কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে ২৫ কোটির তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের অফ-ফর্ম কপালে ভাঁজ ফেলেছে নাইট ম্যানেজমেন্টের। দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি, পাশাপাশি বোলিং থেকেও নিজেকে দূরে রেখেছেন। প্রাক্তন ক্রিকেটারদের মতে, গ্রিন বল না করলে দলে তাঁর প্রয়োজনীয়তা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই ক্যারিবিয়ান পাওয়ার-হিটার রভম্যান পাওয়েলকে তৈরি রাখছে কেকেআর। অনুশীলনে পাওয়েলকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে মূলত বড় শট খেলার ওপর জোর দেওয়া হচ্ছে। বোলিং বিকল্প হিসেবেও তিনি কার্যকরী হতে পারেন। চরম দারিদ্র্য জয় করে উঠে আসা এই ক্যারিবিয়ান তারকাকে দেড় কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা।
আগামী ম্যাচে নাইটদের মুখোমুখি হচ্ছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। গতবার পাঞ্জাবকে ফাইনালে তোলা শ্রেয়স এবারও দুর্দান্ত ছন্দে রয়েছেন। কেকেআরকে চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে এবার সম্মান রক্ষার লড়াই নাইটদের। গ্রিনের পরিবর্তে পাওয়েলকে খেলিয়ে কেকেআর জয়ের সরণিতে ফিরতে পারে কি না, এখন সেটাই দেখার।