ইরানের আকাশসীমায় দুঃসাহসিক অভিযান: ২৪ ঘণ্টা পর উদ্ধার মার্কিন পাইলট

ইরানের আকাশসীমায় দুঃসাহসিক অভিযান: ২৪ ঘণ্টা পর উদ্ধার মার্কিন পাইলট

শুক্রবার ইরানে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধার করেছে আমেরিকার বিশেষ বাহিনী। দীর্ঘ ২৪ ঘণ্টার উৎকণ্ঠার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এই সফল অভিযানের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, শত্রুপক্ষের ভূখণ্ডে প্রবেশ করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক এক অভিযানের মাধ্যমে ওই কর্নেল পদমর্যাদার অফিসারকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

পেন্টাগন সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকেই ওই পাইলটকে ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে নজরে রাখা হয়েছিল। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পাইলট প্রায় দুদিন ইরানি কর্তৃপক্ষের নজর এড়িয়ে আত্মগোপন করে ছিলেন। শনিবার রাতে একাধিক যুদ্ধবিমান পাঠিয়ে আকাশপথে আধিপত্য বিস্তার করে তাঁকে উদ্ধার করা হয়। তবে এই উদ্ধার অভিযান চলাকালীন আমেরিকার কোনো সামরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ইরানের হামলায় আমেরিকার দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে এই সংকটের সৃষ্টি হয়। নিখোঁজ পাইলটের সন্ধানে যাওয়া ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোও শুরুতে বাধার মুখে পড়েছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও শেষ পর্যন্ত মার্কিন বাহিনী তাদের লক্ষ্য পূরণে সফল হয়। তেহরান এখনো এই উদ্ধার অভিযানের বিষয়ে দাপ্তরিকভাবে কোনো মন্তব্য করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *