কলকাতায় হামলার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর, রাজনাথের কড়া পাল্টাচাল

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হিসেবে সরাসরি কলকাতায় আঘাত হানতে পারে পাকিস্তান। লাহোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ভারত ভুয়া প্রচারের মাধ্যমে পাকিস্তানকে দায়ী করার পরিকল্পনা করছে। কোনো আক্রমণ হলে পাকিস্তান দ্রুত ও সুপরিকল্পিত প্রতিক্রিয়া জানাবে বলেও তিনি হুঙ্কার দেন।
আসিফের এই মন্তব্য মূলত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে এসেছে। রাজনাথ সিং জানিয়েছিলেন, প্রতিবেশী দেশ কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারত অভূতপূর্ব ও কঠোর জবাব দেবে। প্রসঙ্গত, ২০২৫ সালের পাহেলগাম হামলার পর ভারতের ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করে পাকিস্তানকে চরম চাপে ফেলে দিয়েছিল।
কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করেছেন যে সন্ত্রাসবাদ বিরোধী এই অভিযান এখনও শেষ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নিরাপত্তা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত। ভবিষ্যতে কোনো উসকানিমূলক ঘটনা ঘটলে ভারতীয় সেনা এমন নির্ণায়ক ও কঠোর পদক্ষেপ নেবে যা পাকিস্তান কোনোদিন ভুলতে পারবে না বলে তিনি সতর্ক করেছেন।