ভয়াবহ জেএএসএসএম-ইআর মিসাইল মোতায়েন: ইরানে পাল্টা হামলার ছক আমেরিকার

ইরানের হামলায় দু’টি যুদ্ধবিমান হারানোর পর এবার মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান খোয়ানোর কথা স্বীকার করে নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান আলোচনায় না বসলে মার্কিন অস্ত্রভান্ডারের সবচেয়ে বিধ্বংসী ও ভয়ানক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হবে বলে ওয়াশিংটন স্পষ্ট সংকেত দিয়েছে।
পেন্টাগন সূত্রে খবর, ইরানের লক্ষ্যবস্তু ধ্বংস করতে দূরপাল্লার জেএএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু হয়েছে। আমেরিকার হাতে থাকা প্রায় ২৩০০টি এই ধরনের মিসাইলের বড় অংশই এখন যুদ্ধের জন্য প্রস্তুত। প্রতিটি ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ হয় প্রায় সাড়ে ১২ কোটি টাকা। অত্যন্ত শক্তিশালী এই অস্ত্রটি শত্রুপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম।
১০০০ কিলোমিটার পাল্লার এই জেএএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা অপরিসীম। মার্চ মাসের শেষ থেকেই এই অত্যাধুনিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ইতিমধ্যে মাঝারি পাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হলেও, এবার সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইরানকে চরম জবাব দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা সাজিয়েছে হোয়াইট হাউস।