রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে চিন্নস্বামীতে নামছেন ভুবনেশ্বর কুমার

রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে চিন্নস্বামীতে নামছেন ভুবনেশ্বর কুমার

রবিবার আইপিএলের মেগা ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে আরসিবি-র অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। মাত্র একটি উইকেট পেলেই প্রথম ভারতীয় পেসার হিসেবে টুর্নামেন্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে ১৯১ ম্যাচে ১৯৯টি উইকেট নেওয়া ভুবনেশ্বরের ঝুলিতে বর্তমানে ২৭.৩৫ গড় এবং ৭.৬৯ ইকোনমি রেট রয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত শুধুমাত্র স্পিনার যুজবেন্দ্র চাহালই ২০০ উইকেটের গণ্ডি অতিক্রম করেছেন। ফলে চেন্নাইয়ের বিপক্ষে একটি সাফল্য পেলেই দ্বিতীয় বোলার এবং প্রথম দ্রুতগতির বোলার হিসেবে এই অনন্য কৃতিত্ব অর্জন করবেন ভুবি।

২০১১ সালে পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল যাত্রা শুরু করা এই পেসার বর্তমানে বেঙ্গালুরু ব্রিগেডের অন্যতম ভরসা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি তাদের প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে ছন্দে রয়েছে। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে চাপে থাকা রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া রজত পতিদারের দল। ভুবনেশ্বরের এই রেকর্ড গড়ার লড়াই ম্যাচে বাড়তি উত্তেজনা যোগ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *