তিলোত্তমাকে ধ্বংসের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর, ভারতের কড়া হুঁশিয়ারিতে উত্তেজনা তুঙ্গে

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া হুঁশিয়ারির পর ফের উস্কানিমূলক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভারতকে হুমকি দিয়ে জানান, ভারত কোনো সাজানো হামলার চেষ্টা করলে পাকিস্তান যুদ্ধকে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাবে। আসিফ দাবি করেন, ভারত মৃতদেহ সাজিয়ে পাকিস্তানি জঙ্গি প্রমাণের ছক কষছে, যদিও এই দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।
মূলত ২০২৫ সালের পহেলগাঁও হামলার বদলা হিসেবে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর আতঙ্ক থেকেই এই হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই অভিযানে পাক অধিকৃত কাশ্মীরে ড্রোন ও মিসাইল হামলায় জঙ্গি ঘাঁটিগুলো ধূলিসাৎ হওয়ায় পাকিস্তান কার্যত কোণঠাসা হয়ে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিল। সেই ক্ষত থেকেই এখন দিল্লি ও মুম্বইয়ের পাশাপাশি কলকাতার নাম নিয়ে ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
বর্তমানে চরম মুদ্রাস্ফীতি, বিপুল বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ বিদ্রোহে পাকিস্তান জর্জরিত। কূটনৈতিক মহলের ধারণা, দেশের চরম ব্যর্থতা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই আসিফ ভারত-বিরোধী তাস খেলছেন। তবে ভারতের অবস্থান অত্যন্ত পরিষ্কার; সীমান্তে কোনো প্রকার দুঃসাহস দেখালে ভারতীয় সেনা আরও কঠোর জবাব দেবে। আত্মরক্ষায় এবং জঙ্গিদমনে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত।