একুশের প্রতিদ্বন্দ্বী এবার ছাব্বিশের সঙ্গী, ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রচারে ঝড় তুললেন প্রতীক উর রহমান

এক সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ এখন উন্নয়নের সঙ্গী। শনিবার ডায়মন্ড হারবার বিধানসভার পাতড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে নির্বাচনী প্রচার চালালেন প্রতীক উর রহমান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পান্নালালের প্রধান প্রতিদ্বন্দ্বী থাকলেও, এবার তাঁর হয়েই বাড়ি বাড়ি ভোট চাইলেন এই তারকা প্রচারক। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দলের হয়ে দিনভর জনসংযোগ সারেন।
প্রচারে নেমে সাবেক এই বাম নেতা জানান, সরকারের উন্নয়নমুখী প্রকল্পের কথা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত। তাঁর মতে, অতীতে রাজনৈতিক বাধ্যবাধকতায় ব্যক্তিগত কুৎসা করতে হলেও এখন বুক বাজিয়ে উন্নয়নের প্রচার করা সহজ হয়েছে। উন্নয়নের নিরিখে তাঁর দলবদলকে সঠিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন স্থানীয় সিপিএম কর্মী-সমর্থকদের একাংশও। অনেকেই শীঘ্রই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান তিনি।
রাজ্যে প্রথম দফার ভোটের আগে প্রচারের ময়দানে পারদ চড়ছে। তৃণমূলের প্রকাশিত ৪০ জন তারকা প্রচারকের তালিকায় ঠাঁই পেয়েছেন প্রতীক উর রহমান। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্রই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রচারে ঝড় তুলেছেন। এই আবহে ডায়মন্ড হারবারের পাতড়া, নতুনহাট ও বাগদা-সহ বিভিন্ন গ্রামে দলীয় কর্মীদের নিয়ে জোর কদমে প্রচার চালিয়ে তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন সাবেক এই ‘কমরেড’।