আপের অন্তর্কন্দলে বিস্ফারক রাঘব চাড্ডা: ‘পিকচার আভি বাকি হ্যায়’

আপের অন্তর্কন্দলে বিস্ফারক রাঘব চাড্ডা: ‘পিকচার আভি বাকি হ্যায়’

আম আদমি পার্টির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। পাঞ্জাবের ইস্যু সংসদে তুলতে ব্যর্থ হয়েছেন—দলের নেতাদের এমন অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। রবিবার নিজের বক্তব্যের বিভিন্ন অংশ জুড়ে একটি তিন মিনিটের ভিডিও পোস্ট করে তিনি দলীয় সমালোচকদের বার্তা দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট জানান, এটি কেবল ‘ট্রেলার’, আসল কাজ এখনও বাকি।

দলের শীর্ষ নেতৃত্ব ও পাঞ্জাবের মন্ত্রীরা যৌথ বিবৃতিতে চাড্ডার ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের দাবি ছিল, পাঞ্জাবের ভোটে নির্বাচিত হয়েও তিনি রাজ্যের সংবেদনশীল বিষয়গুলো এড়িয়ে গেছেন। এর জবাবে রাঘব চাড্ডা জানান, পাঞ্জাব তাঁর কাছে কেবল আলোচনার বিষয় নয়, বরং তাঁর বাড়ি এবং আত্মা। ভিডিওতে তিনি বায়ুদূষণ ও সাধারণ মানুষের অধিকার নিয়ে নিজের সরব উপস্থিতির প্রমাণ দেন।

এই সংঘাতের সূত্রপাত মূলত রাঘবকে রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়ার পর। এমনকি সংসদে তাঁর কথা বলার সুযোগ বন্ধ করতেও দল সচিবালয়কে চিঠি দেয়। স্বাতী মালিওয়ালের পর রাঘবের এই পাল্টা অবস্থান আপের অন্দরে বড় ধরনের ফাটল প্রকাশ করে দিয়েছে। পাঞ্জাবে সরকার পরিচালনার মাঝেই এমন বিবাদ এখন দলের রাজনৈতিক ভবিষ্যতের সামনে বড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *