হায়দরাবাদের বিরুদ্ধে শামির মাঠ ছাড়া নিয়ে বিভ্রান্তি, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন পন্থ

সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী স্পেল শেষ করেই মাঠের বাইরে চলে যান মহম্মদ শামি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া লখনউয়ের এই পেসার আচমকা ডাগ আউটে বসায় তৈরি হয় চরম বিভ্রান্তি। শামির পরিবর্তে মাঠে নামেন ম্যাথু ব্রিৎজ়কে, যা দেখে আম্পায়ারেরা মনে করেন লখনউ হয়তো নিয়ম না মেনেই ইমপ্যাক্ট প্লেয়ার নামিয়ে দিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে লখনউ অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে আম্পায়ারদের দীর্ঘক্ষণ তর্ক চলে। পন্থ স্পষ্ট জানান, ব্রিৎজ়কেকে ইমপ্যাক্ট প্লেয়ার নয় বরং সাময়িক ফিল্ডার হিসেবে নামানো হয়েছে। বিতর্কের মাঝেই শামি পুনরায় মাঠে ফিরলে পরিস্থিতি শান্ত হয় এবং ব্রিৎজ়কে মাঠ ছাড়েন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।
অবশেষে ১২ ওভার শেষে শামিকে পাকাপাকিভাবে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। তবে তাঁর বদলে ব্রিৎজ়কে নন, আয়ুষ বাদোনিকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামানো হয়। এর ফলে এই ম্যাচে মাত্র তিন বিদেশি নিয়ে খেলার কৌশল গ্রহণ করে লখনউ শিবির। শামির মাঠ ছাড়ার কারণ নিয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।