‘এসআইআর নিয়ে নাটক চলছে’, তৃণমূলকে কড়া আক্রমণ বর্ষীয়ান নেতা অধীর চৌধুরীর

তিন দশক পর বিধানসভা নির্বাচনের ময়দানে ফিরে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ ইস্যু নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। অধীরবাবুর মতে, প্রকৃত ভোটারদের নাম নথিভুক্ত না হওয়া পর্যন্ত প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘গণতন্ত্রের নামে তামাশা’ বলে অভিহিত করেছেন।
সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে অধীর চৌধুরী জানান, ১৯৯১ সালের অগ্নিপরীক্ষা পেরিয়ে তিনি আজ এই অবস্থানে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের পেছনে তৃণমূলের ‘ষড়যন্ত্র’ ও ‘সাম্প্রদায়িক মেরুকরণ’কে দায়ী করেন ৭০ বছর বয়সী এই নেতা। বর্তমানে হাইকম্যান্ডের নির্দেশে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ঘরের মাঠে দলের হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি লড়াইয়ে নেমেছেন বলে স্পষ্ট জানান।
সংখ্যালঘু ভোটব্যাঙ্ক প্রসঙ্গে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর মুসলিম সম্প্রদায় এখন বীতশ্রদ্ধ। পরিযায়ী শ্রমিক ও ওয়াকফ ইস্যুতে মোহভঙ্গ হওয়ায় মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলাগুলোতে রাহুল গান্ধীর ওপর মানুষের আস্থা বাড়ছে। মুখ্যমন্ত্রীকে ‘কুশলী অভিনেত্রী’ কটাক্ষ করে তিনি বলেন, ২০২১ সালে এনআরসি জুজু দেখিয়ে ভোট পেলেও এবার এসআইআর নিয়ে নাটক করে পার পাওয়া যাবে না। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করাই এখন তাঁর মূল লক্ষ্য।