২০২৭ ও ২০২৮ বিশ্বকাপ লক্ষ্য: বাংলাদেশ ক্রিকেটে বড় বদল, দায়িত্ব পেলেন মিরাজ-লিটন

২০২৭ ও ২০২৮ বিশ্বকাপ লক্ষ্য: বাংলাদেশ ক্রিকেটে বড় বদল, দায়িত্ব পেলেন মিরাজ-লিটন

আগামী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড়সড় পরিবর্তনের পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড অফ ডিরেক্টর্সের সাম্প্রতিক বৈঠকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের ওপর আস্থা রাখা হয়েছে। অন্যদিকে, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে মিরাজের নেতৃত্ব প্রশংসিত হওয়ায় দীর্ঘমেয়াদী এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

নেতৃত্বের পাশাপাশি বিসিবি সহ-অধিনায়কদের নামও চূড়ান্ত করেছে। ওয়ানডেতে মিরাজের ডেপুটি হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টিতে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। বিশ্বকাপে ভালো ফলাফলের লক্ষ্যে আগেভাগেই পরিকল্পনা গুছিয়ে নিতেই এমন সিদ্ধান্ত। যদিও নিরাপত্তাজনিত কারণে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর বিষয়টি বেশ বিতর্ক তৈরি করেছিল, তবে নতুন নিয়োগের মাধ্যমে সেই ইমেজ পুনরুদ্ধারে তৎপর বোর্ড।

ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করতে প্রাক্তন কিংবদন্তি স্পিনার মহম্মদ রফিককে এক বছরের জন্য স্পিন বোলিং কোচ ও পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। টেস্ট ও ওয়ানডেতে দেশের হয়ে প্রথম ১০০ উইকেট নেওয়া রফিক জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবেন। অভিজ্ঞ রফিকের পরামর্শ ও নতুন নেতৃত্ব— এই দ্বিমুখী কৌশলে আসন্ন আইসিসি ইভেন্টগুলোর প্রস্তুতিতে বাড়তি সুবিধা মিলবে বলে মনে করছেন ক্রিকেট কর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *