রিয়াধে মার্কিন সিআইএ দপ্তরে ইরানের ড্রোন হামলা, গুঁড়িয়েছে দূতাবাসের একাংশ

ইরান যুদ্ধের ৩৭তম দিনে সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসের সিআইএ দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে তেহরান। শনিবার গভীর রাতে দুটি আত্মঘাতী ড্রোনের আঘাতে দূতাবাসের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ভবনটিতে আগুন ধরে যায়। পেন্টাগন সরাসরি মুখ না খুললেও, সৌদি প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে এই হামলা মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
অন্যদিকে, ইরানে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। ইরান সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, উদ্ধার অভিযানে আসা মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এতে একটি সি-১৩০ বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযান সফল হওয়ার কথা বললেও, ইরানের দাবি সত্য হলে পাইলট উদ্ধারে নেমে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা।
পাইলট উদ্ধারে মার্কিন বাহিনীর এলোপাথাড়ি বোমাবর্ষণে ইরানের কোহ-ই-সিয়াহ এলাকায় ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সকলে কোহগিলুয়ে এবং বোয়ের আহমদ প্রদেশের বাসিন্দা। গত শুক্রবার এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভেঙে পড়ার পর থেকেই ওই পাইলট নিখোঁজ ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা ও সামরিক উপস্থিতির নিরাপত্তা নিয়ে নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।