কোচবিহারে মোদীর গর্জন: তৃণমূলকে ‘মহাজঙ্গলরাজ’ তোপ ও পরিবর্তনের ডাক

কোচবিহারের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, রাজ্যে তৃণমূলের ‘পাপের ঘড়া’ পূর্ণ হয়েছে এবং এখন পরিবর্তনের সময় এসেছে। রাজবংশী ও বাংলা ভাষায় ভাষণ শুরু করে তিনি দাবি করেন, বিজেপির প্রতি জনজোয়ার দেখে শাসকদল ভীত। ব্রিগেড থেকে উত্তরবঙ্গ—সবর্ত্রই মানুষের মধ্যে পরিবর্তনের একই সুর প্রতিধ্বনিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী সরাসরি কাটমানি সংস্কৃতি, দুর্নীতি এবং অনুপ্রবেশের ইস্যু তুলে ধরেন। তাঁর অভিযোগ, তৃণমূল অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে এবং বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর হামলা চালিয়ে রাজ্যে ‘মহাজঙ্গলরাজ’ কায়েম করেছে। মালদহের সাম্প্রতিক ঘটনা ও সন্দেশখালির প্রসঙ্গ টেনে তিনি নারী নিরাপত্তা এবং কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান।
নির্বাচনী প্রচারে মোদী প্রতিশ্রুতি দেন যে, ৪ মের পর আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সব দুর্নীতির হিসাব নেওয়া হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে পাকা বাড়ি, জমির মালিকানা এবং সুশাসন নিশ্চিত করবে। উন্নয়নের ভরসা বনাম কাটমানির ভয়—এই দুইয়ের লড়াইয়ে বাংলা থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত বলে তিনি দাবি করেন।