ভবানীপুরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ শুভেন্দুর, কমিশনের দ্বারস্থ বিরোধী দলনেতা

ভবানীপুরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ শুভেন্দুর, কমিশনের দ্বারস্থ বিরোধী দলনেতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচার ঘিরে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, শাসকদল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ ভোটারদের ওপর অবৈধভাবে নজরদারি চালাচ্ছে। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, বাড়ি-বাড়ি প্রচারের সময় সাদা পোশাকের পুলিশকর্মীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করা ভোটারদের পরিচয় ও ঠিকানা সংগ্রহ করছেন। এই ঘটনাকে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন।

শুভেন্দু অধিকারীর মতে, ভোটারদের তথ্য সংগ্রহ আসলে তাঁদের ভয় দেখানোর একটি পরিকল্পিত কৌশল। এই পরিস্থিতিকে ‘রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ভয় প্রদর্শন’ হিসেবে উল্লেখ করে তিনি সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে শুভেন্দুর মনোনয়ন ঘিরে কালীঘাট সংলগ্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যা সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।

নির্বাচন কমিশন এই অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সূত্রের খবর, কলকাতার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোদ মুখ্য নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন। ইতিমাজ্যেই নিরাপত্তার দায়িত্বে থাকা লালবাজারের দুই উচ্চপদস্থ আধিকারিককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগে জানিয়েছেন, বাইরে থেকে লোক এনে এলাকায় পরিকল্পিতভাবে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। সব মিলিয়ে ভবানীপুরের নির্বাচনী পারদ এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *