পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ রহস্য: তদন্তে লালবাজার, কাঠগড়ায় স্ত্রী মৌপিয়া

টলিউডে উদ্বেগের মেঘ আরও ঘনীভূত হয়েছে। গত ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন জনপ্রিয় পরিচালক উৎসব মুখোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার নিমতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪০ হাজার টাকা তুলতে যাওয়ার পর থেকেই তাঁর কোনও হদিস মিলছে না। পরিচালকের নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিমত্যেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।
তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। নিখোঁজ পরিচালকের ফোনের শেষ লোকেশন মিলেছে বিধাননগর এলাকায়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আনন্দপুর থানার পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগও তদন্তে যোগ দিয়েছে। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ এবং তথ্য সংগ্রহের জন্য পুলিশ আধিকারিকরা দীর্ঘ ৪ ঘণ্টা ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন। তবে ব্যাঙ্কের পক্ষ থেকে এখনও নিখোঁজ পরিচালক সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে সমাজমাধ্যমে স্বামীর নিখোঁজ হওয়ার খবর দেওয়ার পর থেকেই নেটাগরিকদের একাংশের আক্রমণের মুখে পড়েছেন মৌপিয়া। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, স্বামীর খোঁজে তিনি দিনরাত এক করছেন এবং সমস্ত তথ্য পুলিশকে দিয়েছেন। তদন্ত চলাকালীন তাঁকে অকারণে কাঠগড়ায় না তোলার অনুরোধ জানিয়েছেন তিনি। বর্তমানে পুলিশের উপর আস্থা রেখেই প্রিয়জনের ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবার ও টলিউড মহলের।