ইডেনে কেকেআর বনাম পাঞ্জাব দ্বৈরথে বৃষ্টির কাঁটা: সোমবার কালবৈশাখীর ভ্রুকুটি, শঙ্কায় আইপিএল ম্যাচ

ইডেনে কেকেআর বনাম পঞ্জাব দ্বৈরথে বৃষ্টির কাঁটা: সোমবার কালবৈশাখীর ভ্রুকুটি, শঙ্কায় আইপিএল ম্যাচ

আইপিএলের মঞ্চে ফের বৃষ্টির ভ্রুকুটি। সোমবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির কারণে দুই দলের অনুশীলন ব্যাহত হলেও নাইটরা ইনডোরে প্রস্তুতি সেরেছে।

মৌসম ভবন জানিয়েছে, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। গত মরসুমেও ইডেনে এই দুই দলের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল, এবারও সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিকেলের দিকে আবহাওয়া কিছুটা উন্নত হলে ওভার কমিয়ে খেলা শুরুর ক্ষীণ আশা দেখছেন সমর্থকরা।

প্রতিকূল পরিস্থিতি সামলাতে ইডেনের নিকাশি ব্যবস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। পিচ ও আউটফিল্ড বর্তমানে কভারে ঢাকা রয়েছে। সিএবি-র অত্যাধুনিক নিকাশি ব্যবস্থা ও তিনটি সুপার সপার দ্রুত মাঠ শুকোতে সক্ষম হলেও, খেলা আয়োজনের জন্য শেষ পর্যন্ত বৃষ্টির থামার অপেক্ষায় থাকতে হবে আয়োজকদের। সোমবার প্রকৃতি কী ভূমিকা নেয়, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *