মোদীকে ‘গব্বর সিং’ কটাক্ষ তৃণমূলের: ইস্তাহার ও এসআইআর ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা

মোদীকে ‘গব্বর সিং’ কটাক্ষ তৃণমূলের: ইস্তাহার ও এসআইআর ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা

কোচবিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোলা বিভিন্ন অভিযোগের কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল নেত্রী শশী পাঁজা ও ব্রাত্য বসু যৌথ সাংবাদিক সম্মেলনে মোদীকে তীব্র আক্রমণ করেন। শশী পাঁজার অভিযোগ, অপরিকল্পিত ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বাংলায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হলেও প্রধানমন্ত্রীর চোখে জল আসেনি। উল্টো তিনি নির্বাচন কমিশনের প্রশংসা করে গণতন্ত্রকে অবমাননা করছেন বলে দাবি করেন শশী।

তৃণমূলের অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন যোগসাজশ করে রাজ্যে অশান্তি তৈরির ছক কষছে। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় না বলেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শশী পাঁজা স্পষ্ট জানান, এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ অপরিকল্পিত ছিল, যার বলি হতে হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মীদেরও।

এদিকে তৃণমূলের নির্বাচনী ইশতেহারে ‘ইস্তাহার’ শব্দটির ব্যবহার নিয়ে মোদীর সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন ব্রাত্য বসু। তিনি মনে করিয়ে দেন যে, ২০১৪ সালের নির্বাচনে বিজেপি নিজেই এই শব্দটি ব্যবহার করেছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যকে সিনেমার ‘গব্বর সিং’-এর সংলাপের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন ব্রাত্য। তৃণমূলের দাবি, মোদীর ভাষণ কেবলই রাজনৈতিক ‘ডায়লগবাজি’ ছাড়া আর কিছুই নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *