রাজ্যজুড়ে দুর্যোগের ভ্রুকুটি বৃহস্পতিবার পর্যন্ত জারি কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার দুই বঙ্গেই কালবৈশাখীর আশঙ্কায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। গত কয়েকদিনের তীব্র দাবদাহ কাটিয়ে এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও দুর্যোগের আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমি ঝঞ্ঝার জোড়া প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি কমে ৩০.৮ ডিগ্রিতে দাঁড়িয়েছে। ব্যারাকপুর ও আলিপুরদুয়ারে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হুগলি ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল, সেখানে পারদ বর্তমানে ৩২-৩৪ ডিগ্রির ঘরে নেমে এসেছে। ঝোড়ো বৃষ্টির প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী, ঝড়বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকাই শ্রেয়।