নির্বাচনের পর সব পাপের হিসাব হবে, কোচবিহারের সভা থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদির

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রথমবার রাজ্য সফরে এসে উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখার সময় আগাগোড়া আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তাঁকে। জনসভার মাঝে খাঁটি বাংলায় কথা বলে সাধারণ মানুষের নজর কাড়েন প্রধানমন্ত্রী। তাঁর সাফ বার্তা, এই নির্বাচনের হাত ধরেই বাংলা থেকে ভয়ের পরিবেশ দূর হবে এবং ৪ মে-র পর থেকে শুরু হবে অপরাধীদের পাপের হিসাব।
এদিন সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের দিন শাসকদলের মদতপুষ্ট গুণ্ডারা সাধারণ মানুষকে ভয় দেখালেও তাদের আইনের ওপর আস্থা রাখা উচিত। বিজেপি ক্ষমতায় এলে মানুষের ভরসা ফিরে আসবে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে দুর্নীতি ও জনগনের টাকা লুঠের প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন যে, যারা বাংলার মানুষের অর্থ আত্মসাৎ করেছে, সেই প্রত্যেক দুর্নীতিবাজকে পাইপয়সা বুঝিয়ে দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আইন নিজের পথে চলবে এবং অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে মালদার মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, এই সরকার বিচার বিভাগ ও সাংবিধানিক সংস্থাকে সম্মান করে না। মালদায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের আটকে রাখার ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে বলে তিনি মন্তব্য করেন। যেখানে বিচারক ও সংবিধান সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সভা শেষে সোশ্যাল মিডিয়ায় জনসভার ছবি পোস্ট করে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে প্রবল হাওয়া বইছে এবং মানুষ বর্তমান শাসকদলকে প্রত্যাখ্যান করতে চলেছে।