৮ এপ্রিল হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ প্রচার একদিনে তিনটি বড় জনসভা

হুগলি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে আগামী ৮ এপ্রিল নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটি জেলায় ঘাসফুল শিবিরের প্রথম হাইভোল্টেজ জনসভা হতে চলেছে। রাজ্য নেতৃত্বের ঘোষণা অনুযায়ী, ওইদিন জেলার তিনটি পৃথক স্থানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলাজুড়ে ব্যাপক রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, ওইদিন সফরের শুরুতেই আরামবাগে প্রথম সভাটি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দ্বিতীয় দফায় পাণ্ডুয়া ও বলাগড় বিধানসভা কেন্দ্রকে গুরুত্ব দিয়ে যৌথ সভার আয়োজন করা হয়েছে। সবশেষে শ্রীরামপুরে বর্ণাঢ্য জনসভার মাধ্যমে ওইদিনের প্রচার অভিযান শেষ করবেন তিনি। মূলত প্রচারের শুরুতেই দলীয় সুপ্রিমোকে কাছে পাওয়ায় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
হুগলি জেলায় দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হলেও প্রথম পর্ব থেকেই কোমর বেঁধে নামছে শাসক দল। জেলা নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর এই ঝোড়ো সফর প্রচারের গতিকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং দলীয় কর্মীদের মনোবল তুঙ্গে নিয়ে যাবে। নির্বাচনের প্রাক্কালে নেত্রীর এই বার্তাকে হাতিয়ার করেই জেলায় রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস।