ছাব্বিশের ভোটের মুখে বিজেপিতে বড়সড় ভাঙন বিস্ফোরক অভিযোগ তুলে ইস্তফা তাপস মিত্রের

ছাব্বিশের ভোটের মুখে বিজেপিতে বড়সড় ভাঙন বিস্ফোরক অভিযোগ তুলে ইস্তফা তাপস মিত্রের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলাকালীন দল ছাড়লেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র। রবিবার সংবাদিক সম্মেলন করে তিনি দলের রাজ্য ও জাতীয় সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা ঘোষণা করেন। প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবং দলের বর্তমান কার্যধারাকে ‘ব্যক্তিকেন্দ্রিক’ আখ্যা দিয়ে বিজেপির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন বর্ষীয়ান এই আরএসএস ঘনিষ্ঠ নেতা।

ইস্তফা দেওয়ার পাশাপাশি দলের অন্দরে আর্থিক দুর্নীতি ও অনৈতিক প্রভাবের অভিযোগ তুলে সরব হয়েছেন তাপস মিত্র। রাজ্য সভাপতির ঘনিষ্ঠ এক নেতার বিপুল সম্পত্তির উৎস নিয়ে ইডি এবং সিবিআই তদন্তের দাবিও তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, দলের আদর্শ বিসর্জন দিয়ে কতিপয় ব্যক্তির স্বার্থরক্ষা করা হচ্ছে। এই বিবাদ প্রকাশ্যে আসায় বারাসাত ও তৎসংলগ্ন এলাকায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নতুন করে তুঙ্গে উঠেছে।

তৃণমূল ও বিরোধী শিবির যখন ঘর গোছাতে ব্যস্ত, তখন জেলা স্তরের এই শীর্ষ নেতার পদত্যাগ পদ্ম শিবিরের অস্বস্তি বাড়াল। সূত্রের খবর, দল ছাড়লেও নির্বাচনের ময়দান থেকে সরছেন না তাপস মিত্র। ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি এবং অনুগামীদের সঙ্গে আলোচনা করে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে বারাসাত কেন্দ্রে বিজেপির ভোটব্যাঙ্কে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *