এসআইআর তালিকায় নাম না থাকায় রিষড়ায় প্রৌঢ়ার আত্মহত্যা, তুঙ্গে রাজনৈতিক তরজা

এসআইআর তালিকায় নাম না থাকায় রিষড়ায় প্রৌঢ়ার আত্মহত্যা, তুঙ্গে রাজনৈতিক তরজা

হুগলির রিষড়া গ্রাম পঞ্চায়েতের বারুজীবী পাড়ায় মিনতি সেন (৫৮) নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতার পরিবারের দাবি, এসআইআর তালিকায় নাম না থাকা এবং বারবার চেষ্টা সত্ত্বেও তা অন্তর্ভুক্ত না হওয়ায় তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে তিনি আত্মঘাতী হন। এমনকি তাঁর ছেলের নামও বর্তমানে ভোটার তালিকায় নেই বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে নাম বাতিলের মাধ্যমে মানুষকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য এই মৃত্যুকে দুঃখজনক বলে অভিহিত করে প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন।

তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে ক্ষোভের আঁচ ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও। হাসনাবাদের মাখালগাছাতে প্রায় ৭০০ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে র‍্যাফ নামাতে হয়। একইভাবে শ্রীরামপুরের একটি ওয়ার্ডেও ১৬৫ জনের নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন ভুক্তভোগী নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *